অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপ চূড়ান্তপর্ব খেলতে যাচ্ছে জাপান। তাদের জয়ে এশিয়া অঞ্চলের বাছাইয়ের ‘বি’ গ্রুপ থেকে সৌদি আরবেরও কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে। এ নিয়ে জাপান সপ্তমবার ও সৌদি আরব ষষ্ঠবার চূড়ান্তপর্ব খেলতে যাচ্ছে।
কাতারের টিকিট নিশ্চিতে অস্ট্রেলিয়ার সঙ্গে গতকাল ড্র দরকার ছিল জাপানের। সিডনির অলিম্পিক পার্কের ম্যাচ সেদিকেই গড়াচ্ছিল। কিন্তু শেষ বাঁশির মিনিট খানেক আগে কাউরো মিতোমা গোল করে স্বাগতিকদের হতাশ করেন। ইনজুরি টাইমে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাইটনের খেলোয়াড় মিতোমা জাপানিদের আনন্দ দ্বিগুণ করেন আরেক গোল করে।
ফলে এশিয়া অঞ্চল থেকে কাতারের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে চার দলের। দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান ও সৌদি আরব। তবে অস্ট্রেলিয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। গ্রুপের তৃতীয় দল হিসেবে অন্য গ্রুপের তৃতীয় দলের সঙ্গে প্লে-অফ জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে প্লে-অফের সুযোগ পাবে।
সেখানে জিতলে উঠে যাবে চূড়ান্তপর্বে। গতবারও উত্তর-মধ্য আমেরিকার অঞ্চলের হন্ডুরাসের সঙ্গে প্লে-অফ খেলে পঞ্চমবার চূড়ান্তপর্ব খেলেছিল অজিরা।
জিতলেই চূড়ান্তপর্বে কানাডা : আজ কোস্টারিকার মাঠে জিতলেই ৩৬ বছর পর বিশ্বকাপ চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত হবে কানাডার। এই অঞ্চলের খেলায় ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ২১ পয়েন্ট মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের। আজ অ্যাজটেকায় দু’দলের খেলায় যে জিতবে তাদের চূড়ান্তপর্বও একপ্রকার নিশ্চিত হয়ে যাবে।