স্বাধীনতা দিবসে রাজধানীতে র‌্যালি করবে বিএনপি

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে ভোর ৬টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে থেকে সকাল সোয়া ৭টায় জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করবেন। ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এরপর জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া হবে।

দিবসটি উপলক্ষে ৩০ মার্চ বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে। কেন্দ্রীয় বিএনপি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ করবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ সম্মিলিতভাবে সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর শাখায় স্থানীয় সুবিধা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি করবে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সব দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবিসহ আলোকসজ্জা। দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।