শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘গলুই’ সিনেমায় কাজ করেন পূজা চেরি। এবার শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করতে যাচ্ছেন পূজা চেরি। আমেরিকায় অবস্থানরত চলচ্চিত্রের একজন প্রযোজক পূজা চেরিকে নেয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এদিকে শাকিব খানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পূজা। এমনকি তার পরামর্শেই চলছেন বলে শোনা যাচ্ছে।
তবে পূজা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন। দেশ রূপান্তরকে পূজা বলেন, যে সিনেমার কাজে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা শুনেছেন সেটা পুরোই গুজব। আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি না। আর শাকিবের সঙ্গে নতুন কাজ হবে কিনা, সেটাও বলতে পারছি না।’
শাকিব-পূজা অভিনীত ‘গলুই’ সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। খোরশেদ আলম খসরু প্রযোজিত ও এস এ হক অলিক পরিচালিত সিনেমাটির মুক্তিকে সামনে রেখে বেশ ফুরফুরা মেজাজে রয়েছেন পূজা।
শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনেকদিন আগেই শাকিব খান ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসেই কয়েকটি সিনেমা নির্মাণ করবেন। এবার তা বাস্তবায়নের পথেই হাঁটছেন কিং খান।