গোপালগঞ্জে এক মাদকসেবীর হাতে মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ খুন হয়েছেন। তার নাম পোল গোমেজ। গতকাল শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ দেবগ্রামে ওই অফিসের সামনে এ ঘটনা ঘটে। পোল গোমেজের বাড়ি ঢাকার সাভারের আনন্দপুরে। পুলিশ কিংকর বাড়ৈ নামে ওই মাদকসেবীকে আটক করেছে। সে ওই মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন।
গত ৪ থেকে ৫ দিন আগে কিংকরকে সিগারেট খেতে দেখে নিষেধ করলে এ নিয়ে পোল গোমেজের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ ও ওই নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা।
নিরাময় কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু বল্লভ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নাশতার জন্য সবাই যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন রান্নাঘরে থাকা তরকারি কাটা ছুরি দিয়ে পোল গোমেজকে মাদক নিরাময় কেন্দ্রের চিকিৎসাধীন কিংকর বাড়ৈ উপর্যুপরি চুরিকাঘাত করে। আহত গোমেজকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।