নিখোঁজের ১০ দিন পর সাভারে কলেজছাত্রের পচাগলা লাশ

সাভারে নিখোঁজের ১০ দিন পর সাকিব আল মামুন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর পচা গলা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের পশ্চিম কোটাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়েছে।

নিহত সাকিব আল মামুন সাভারের বনগাঁও ইউনিয়নের পশ্চিম কোটাপাড়া কাঞ্চন মিয়ার ছেলে। তিনি সাভারের একটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ১৭ মার্চ ওই কলেজ শিক্ষার্থীর নিখোঁজের জিডি করেছিল পরিবার। দুপুরের দিকে একটি খবরে জানানো হয় ওই এলাকায় রাকিব হোসেন মিয়া নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে পচা গন্ধ পায় পাশের কর্মরত কিছু শ্রমিকেরা। পরে আমরা সেখানে গিয়ে প্রায় ১২ ফুট গভীরতার সেপটিক ট্যাংকের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধারের খবর পেয়ে ওই শিক্ষার্থীর পরিবারও সেখানে আসে ও মরদেহটির পরনের গেঞ্জি, জুতা এবং প্যান্ট দেখে তাকে শনাক্ত করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হবে। এ ছাড়া মামলা দায়ের করে আইনি ব্যবস্থা নেয়া হবে।