রাজধানীর সবুজবাগে এক গৃহবধূকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকেল ৫টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়।
তারা জানায়, নিহত তানিয়া আক্তারের (২৬) স্বামী মাইনুল ইসলাম চাকরিসূত্রে ফরিদপুরে থাকেন। দুই শিশুসন্তানকে নিয়ে সবুজবাগের বাসায় থাকতেন তিনি।
পুলিশের সবুজবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, তানিয়া আক্তারের মেয়ের বয়স তিন বছর, ছেলের বয়স ১০ মাস। দুই ছেলে-মেয়েকে নিয়ে সবুজবাগের দক্ষিণগাঁওয়ের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। বিকেলে এক বা দুজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তিন বছর বয়সী মেয়ের মুখে টেপ পেঁচিয়ে তানিয়াকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। তাদের বাসা থেকে কোনো কিছু খোয়া গেছে কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, তানিয়ার গ্রামের বাড়ি রংপুরে। তার স্বামী মাইনুল ইসলাম ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি এলে বিস্তারিত জানা যাবে। লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে।