মিয়ানমারের ওপর তিন দেশের নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। দেশটিতে নতুন নিয়োগ পাওয়া বিমানবাহিনীর প্রধানসহ সামরিক কর্মকর্তা ও যারা অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিরোধীদের ওপর দমন-পীড়ন পরিচালিত করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মিয়ানমারের অস্ত্র ব্যবসায়ী ও তাদের সঙ্গে সম্পর্কিত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া আগেই নিষেধাজ্ঞা পাওয়া কয়েকজন অস্ত্র ব্যবসায়ী ও তাদের নিয়ন্ত্রিত দুইটি প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন প্রশাসন। গত বছর বড়দিনের প্রাক্কালে দক্ষিণ-পূর্ব কায়াহ রাজ্যে গাড়ির মধ্যে ৩০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে হত্যার অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর একটি ইউনিটের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।