সম্প্রীতির ক্রিকেটে চার ছক্কার ফুলঝুরি ফুটেছিল মিরপুরের অ্যাকাডেমি মাঠে। টি-টোয়েন্টির পসরা সাজিয়ে তাতে গা মেখেছেন সাবেক ক্রিকেটাররা। তাদের আনন্দময় ক্রিকেটে কাল দারুণভাবে উদযাপিত স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ। তাতে লাল দলের কাছে ৭৪ রানে হেরেছে সবুজ দল। আগে ব্যাট করে মিনহাজুল আবেদিন নান্নুর লাল দল ২০ বলে ২৬৯ রান করে ৮ উইকেটে। জবাবে ১৮.৫ ওভারে ১৯৫ রানে অলআউট হয় খালেদ মাসুদের সবুজ দল।
অ্যাকাডেমি মাঠ আয়তনে ছোট। তাতে চারের চেয়ে ছক্কা বেশি হবে এটাই স্বাভাবিক। লাল দলের রাজিন সালেহ, তুষার ইমরান ও মাহবুবুল আলমরা তা করে দেখিয়েছেন। তাদের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল স্কোর গড়ে লাল দল। সর্বোচ্চ ৮৭ করেন রাজিন। তার ৩৭ বলের ইনিংসে ছিল ১০ ছক্কা ও ৩ চারের মার। তুষার ইমরান ৩৮ বলে ৭ ছক্কা ও ৫ চারে করেন ৭৭। শেষদিকে পেসার রবিন ৩টি করে ছক্কা-চারে ১২ বলে ৩২ করেন। সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত ৪৫ রানে ৫ উইকেট নেন। সবুজ দলের জামাল বাবু ছাড়া কেউই ব্যাটে ঝড় তুলতে পারেননি। রবিনের পেসে ৭৫ রানে ৬ উইকেট হারায় তার। পরের দিকে জামাল বাবুর ২০ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৬২ রানের ইনিংসে ১৯৫ করতে পারে সবুজ দল। ১৮ বলে ৩১ করেন জাহাঙ্গীর আলম। রবিন ৩০ রান ৫ উইকেট নেন।