কক্সবাজারে নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার ভোরে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।
গ্রেপ্তার তিনজন হলেনঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানি ও নুরুল ইসলাম।
লে. কর্নেল খায়রুল ইসলাম জানান, শনিবার ভোরে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আস্তানা থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল ও ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও বন দখলের একাধিক মামলা রয়েছে। মামলা করার পর তাদের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, গত ১৪ মার্চ কক্সবাজারের আদালত চত্বর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন এক নারী। ওই মামলার এজাহারে এ তিনজনসহ আরও একজন আসামি রয়েছে।