স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলারসংলগ্ন শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দবিন্দর শিংয়ের হাতে বিজিবির পক্ষ থেকে তিন প্যাকেট মিষ্টি তুলে দেন। পরে তারা দুই বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন আলী জানান, প্রতিবছর আমরা দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।