রাজধানীর সেগুনবাগিচায় ভবন থেকে নিচে পড়ে আরিফ (২৫) নামে এক এসি মেরামতকারীর (মিস্ত্রি) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে সেগুনবাগিচা বাজার এলাকায় মেডিমেট ফার্মাসিটিক্যাল লিমিটেডের ভবনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটায় মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী মো. রাব্বি হোসেন দেশ রূপান্তরকে জানান, তারা সকাল থেকে চারতলা ভবনটির তৃতীয় তলায় বাইরের পাশে এসি মেরামতের কাজ করছিলেন। সেখানে তার সহকর্মী প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তারপর সেখান থেকে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে আরিফের মামা মো. কালাম জানান, তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার মনোয়ারগাদি গ্রামে। অবিবাহিত আরিফ থাকতেন মুগদা বিশ^রোড এলাকায়। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।