মেয়ার্সের আঘাতে ধ্বংসস্তূপ ইংল্যান্ড

আরেকটি অপমানজনক পরাজয়ের সামনে ইংল্যান্ড। গ্রানাদা টেস্টের তৃতীয় দিনে ইংলিশদের ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছেন কাইল মেয়ার্স।

দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। দিন শেষে তাদের লিড মাত্র ১০ রানের। মেয়ার্সের ‘ডিবলি-ডবলি’ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজের এই মিডিয়াম পেসার ১৩ ওভারে বল করে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ওপেনার অ্যালেক্স লিস (৩১) ও জনি বেয়ারস্টো (২২) ছাড়া ইংলিশদের আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি। জেইডেন সিলস ওপেনার জ্যাক ক্রলিকে ফেরানোর পর মেয়ার্স এসে একে সাজঘরের পথ দেখান অধিনায়ক জো রুট, ড্যান লরেন্স, বেন স্টোকস, লিস ও ক্রিস ওকসকে।

তার আগে প্রথম ইনিংসে ৮ রানে ২৩২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে উইন্ডিজ। আগেরদিন ৫৪ রানে অপরাজিত থাকা জশুয়া ডি সিলভা দলকে তিনশ’র কাছাকাছি সংগ্রহ এনে দেওয়ার পথে তুলে নেন সেঞ্চুরি। ২৫৭ বলে ১০০ রানে অপরাজিত ছিলন ক্যারিবিয়ান উইকেটরক্ষক। ২৯৭ রানে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস।

ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২০৪ রান। সফরকারীদের হয়ে ব্যাটিংয়ে চতুর্থদিন শুরু করবেন দুই লোয়ার-অর্ডার ওকস (৯) ও জ্যাক লিচ (১)।

সিরিজের প্রথম দুই টেস্ট ড্র হয়। তৃতীয় ও শেষ টেস্ট জিতলে সিরিজও নিজেদের করে নেবে ক্যারিবিয়ানরা।

সংক্ষিপ্ত স্কোর

গ্রানাদা টেস্ট (তৃতীয় দিন)

ইংল্যান্ড ২০৪ ও ১০৩/৮ (লিস ৩১; মেয়ার্স ৫/৯)

ওয়েস্ট ইন্ডিজ ২৯৭ (ডা সিলভা ১০০*; ওকস ৩/৪৮)