ঢাকার ফার্মগেটে হলিক্রস গার্লস হাই স্কুলের অ্যাসেম্বলিতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নবম শ্রেণির ওই ছাত্রীর নাম শ্যারন সুজানা মল্লিক (১৪)।
কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল সাড়ে ৭টায় স্কুলের অ্যাসেম্বলিতে পড়ে যায় সুজানা। দ্রুত তাকে ফার্মগেট এলাকার একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত্যুর কথা জানান।
হলিক্রস স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক রোজেলিন সারা জানান, শ্যারন 'সিস্টেমিক স্ক্লেরোসিস' নামে রোগে ভুগছিল। শ্যারন ২০১৯ সাল থেকে এই রোগে আক্রান্ত ছিল।
শ্যারনের বাবা কাজল ডি মল্লিক বলেন, আমার মেয়ে দুরারোগ্য একটি রোগে ভুগছিল। ডাক্তাররা বলেছিলেন, আমার মেয়ের ক্ষেত্রে যেকোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে।
মেয়ের মৃত্যুতে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকার কথাও জানান তিনি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল স্কুল ও শিক্ষার্থীর বাসায় গিয়েছিল।