সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল রবিবার বিকেলে সাভারে একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
ডা. এনামুর রহমান বলেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমরা ঋণী। রক্তের ঋণ কখনো শোধ করা যায় না। তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে আমি তাদের চিকিৎসা ফ্রি করে দিয়েছি। মুক্তিযোদ্ধাদের জন্য এনাম মেডিকেলের দরজা সব সময় খোলা রয়েছে।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. সেলিম ম-লের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিরুলিয়ার ১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ মো. আমির হোসেন মোল্লা, ঢাকা-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু প্রমুখ।