মুক্তিযুদ্ধের ছয়টি প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো

বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত গবেষণাধর্মী ছয়টি প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধ ’৭১ এবং বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছয়টি প্রামাণ্যচিত্র। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী ও তরুণ শিক্ষকেরা এই প্রামাণ্যচিত্রগুলি নির্মাণ করেছেন। তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল।

প্রযোজনা প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার এবং পরদিন বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার প্রদর্শনী। এর মধ্যে মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটে দেখানো হবে ‘জনযুদ্ধ ৭১’। সন্ধ্যা ৬:৩০ মিনিটে দেখানো হবে ‘মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার’। রাত ৮টায় দেখানো হবে ‘বীর চট্টলার প্রতিরোধযুদ্ধ’।

বুধবার বিকেল ৫টায় দেখানো হবে ‘বিলোনিয়ার যুদ্ধ’। সন্ধ্যা ৬:৩০ মিনিটে দেখানো হবে ‘আকাশে মুক্তিযুদ্ধ’ এবং রাত ৮টায় দেখানো হবে ‘একাত্তরের নৌ-কমান্ডো’।

মুক্তিযুদ্ধের এই গুরুত্বপূর্ণ ছয়টি গৌরবোজ্জ্বল অধ্যায়কে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি সকলের জন্যে উন্মুক্ত থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।