যে রোগে আক্রান্ত উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথ

১৯৯৭ সালের ছবি ‘জি আই জেন’-এ নায়িকার চরিত্রে অভিনয় করেন উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট। এই ছবিতে তার মাথায় চুল কম থাকা নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল।

সেই পুরোনো বিষয়টি নিয়ে আবারও বিব্রতকর অবস্থায় পড়লেন পিংকেট। চুল কম থাকা নিয়ে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে তাকে নিয়ে রসিকতা করেন উপস্থাপক ক্রিস রক। জাডাকে ‘জি আই জেন ২’-এর নায়িকার ভূমিকায় দেখার বাসনার ইঙ্গিত করেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঞ্চে এসে ক্রিসকে থাপ্পড় মারেন অস্কারজয়ী স্মিথ। 

জাডা পিংকেট ‘অ্যালোপেশিয়া’ নামে একটি রোগে আক্রান্ত। এই রোগের শিকার হলে মাথার চুল পড়ে যায়। জাডার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। কিন্তু স্ত্রীর অসুস্থতা নিয়ে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রসিকতা করাতেই মেজাজ হারান স্মিথ।

জাডা পিংকেট স্মিথ একজন আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা। তিনি ‘এ ডিফারেন্ট ওয়ার্ল্ড’, ‘দ্য নটি প্রফেসর’, ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’, ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলুশন এবং দ্য ম্যাট্রিক্স রেজারেকশন', `গথাম' এবং `গার্লস ট্রিপে' নিওবে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি পান।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় বসে এবারের আসর।

সারা বিশ্বের কোটি কোটি দর্শক টিভিতে দেখেছে, স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে সোজাসুজি অস্কারের মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে সপাটে চড় মেরেছেন স্মিথ। ঘটনাচক্রে এর কিছুক্ষণের পর ‘কিং রিচার্ড’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান তিনি।

সাধারণত যা হয়, অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সঞ্চালক ক্রিস নানা ধরনের রসিকতা করছিলেন। তার মধ্যেই একটি রসিকতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন স্মিথের স্ত্রী পিঙ্কেট। সঞ্চালনা করতে করতেই ক্রিস বলেন, ‘আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।’ দর্শকাসনে একেবারে সামনের সারিতে সবুজ গাউন পরিহিতা জাডা ওই মন্তব্য শুনে দৃশ্যতই অসন্তুষ্ট হন। তার মুখভঙ্গিতে তা স্পষ্ট বোঝাও যাচ্ছিল।

এর পরেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান স্মিথ। লম্বা লম্বা পায়ে এগিয়ে যান মঞ্চের দিকে। মঞ্চে উঠে কোনো বাক্যব্যয় না-করে ডানহাতে সপাটে ক্রিসের বাঁ-গালে একটি চড় কষান! আচমকা চড়ের অভিঘাতে ক্রিস খানিকটা হকচকিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি বিষয়টি সামলে নেন। স্মিথ কোনো বাক্যব্যয় করেননি। এক ঝলকে মনে হয়েছিল, পুরো বিষয়টি সম্ভবত ‘সাজানো’। কিন্তু তার পরেই বোঝা যায়, এটা ‘সাজানো ঘটনা’ নয়। কারণ, নিজের আসনে ফিরে আবার চিৎকার করে স্মিথ বলতে থাকেন, ‘আমার স্ত্রীকে নিয়ে তোমার নোংরা কথা বন্ধ করো!’ ক্রিসের উদ্দেশ্যে গালিও ব্যবহার করেন ক্রুদ্ধ স্মিথ।

এর আগেও ২০১৬ সালে সঞ্চালনার সময়ে পিংকেকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস। এবারও তিনি বোঝাতে যান, রসিকতাই করছিলেন। তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু স্মিথকে থামানো যায়নি।

অস্কারের মঞ্চে অনুষ্ঠানে এমন নজিরবিহীন ঘটনার পরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হন স্মিথ। ধন্যবাদ জ্ঞাপক ভাষণে তিনি বারবার নিজের পরিবারকে ‘আগলে রাখার’ করার কথা বলেন। আমেরিকার টেনিস তারকা দুই বোন ভেনাস ও সেরিনা উইলিয়ামসের বাবার ভূমিকার ওই ছবিতে অভিনয় করেছেন স্মিথ। ধন্যবাদজ্ঞাপক ভাষণে তিনি বলেন, ‘যেভাবে ভেনাস-সেরিনার বাবা তাদের এবং তাদের পরিবারকে আগলে রেখেছিলেন, তা প্রত্যেক মানুষের কর্তব্য। আমি এটা শিখেছি।’ অনেকেরই ধারণা, স্ত্রীকে ‘আগলে রাখার’ দিকেই ইঙ্গিত করেছেন স্মিথ।

জানা গেছে, পরে এ ঘটনার জন্য ক্রিস রকের কাছে দুঃখ প্রকাশ করেছেন উইল স্মিথ। ক্রিসও কোনো অভিযোগ আনেনি অস্কারজয়ী অভিনেতার প্রতি।