বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ভারত সরকারের মুক্তিযোদ্ধা উত্তরাধীকারী বৃত্তি পাচ্ছেন ১ হাজার ৪৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী।
তাদের মধ্যে ৫০১ জন উচ্চমাধ্যমিক ও ৯৯৬ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। এর আওতায় ২ পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার ও ৫০ হাজার করে টাকা পাবেন।
রবিবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় নতুন এই বৃত্তি প্রকল্প ঘোষণা করা হয়। ২০২২-২৩ অর্থবছর থেকে আরও ৫ বছরের জন্য প্রকল্পটি নবায়ন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'এটি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের সঙ্গে বন্ধুত্বের প্রতি ভারত সরকার ও তার জনগণের চিরস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন।'
এর আগে ২০০৬ সালে 'মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্প' শুরু করেছিল ভারত। চলতি বছরে বৃত্তির জন্য বাংলাদেশের সব এলাকা থেকে শিক্ষার্থীদের নির্বাচিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহযোগিতা করেছে জানিয়ে ভারতীয় হাইকমিশন জানায়, ডিবিটি (ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার) পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বৃত্তির টাকা জমা হবে।