মেয়ের ধর্ষককে কেটে টুকরো করে নদীতে ফেলে দিলেন বাবা

১৪ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে নদীতে ফেলে দিয়েছে ওই কিশোরীর বাবা এবং মামা। ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় এই ঘটনা ঘটেছে।

ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির খণ্ডিত দেহ আজনাল নদী থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে অভিযুক্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ বলে শনাক্ত করা হয়েছে। তিনি খান্ডওয়া জেলার সক্তপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ সুপার বিবেক সিং।

পুলিশ সুপার বিবেক সিং জানিয়েছেন, রবিবার অজনাল নদীতে ওই ব্যক্তির খণ্ড খণ্ড মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়লে তাকে সক্তপুর গ্রামের ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ বলে শনাক্ত করা হয়।

পুলিশের সাব ডিভিশনাল অফিসার রাকেশ পেন্দ্রো জানান, মৃত ব্যক্তি ১৪ বছর বয়সী মেয়েকে যৌন নিপীড়ন করেছে বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। ওই কিশোরীর বাবা এবং মামা শনিবার ত্রিলোকচাঁদকে তাদের মোটরসাইকেলে অজনাল নদীর দিকে নিয়ে যান। পরে মাছ কাটার ধারালো দা দিয়ে ত্রিলোকচাঁদের গলা কাটা হয়।

অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় অন্যদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তিনি আরও জানান, নিহত ও অভিযুক্তরা পরস্পর আত্মীয়।