বিষপানে মৃত ২ সাঁওতাল কৃষককে সেচের পানি দেওয়ায় গাফেলতি থাকলে ব্যবস্থা

বিষপানে মৃত দুই সাঁওতাল কৃষককে সেচের পানি দেওয়ার ক্ষেত্রে কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কৃষিসচিব। 

তিনি বলেন, সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যার বিষয়ে পুলিশও তদন্ত করছে, তারা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করবে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় কৃষিসচিব এসব বলেন। 

এ বিষয়ে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম বলেন, খবরটি জানার সঙ্গে সঙ্গে আমরা খোঁজখবর নিয়েছি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। ‘সেচের পানি সময়মতো না পাওয়ার কারণ ও কৃষকের বিষপান’ বিষয়ে প্রকৃত ঘটনা ও দোষীদের চিহ্নিত করতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। এ কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

রাজশাহীতে সেচের পানি না পেয়ে কৃষকের আত্মহত্যা বিষয়ে  গিয়ে তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি। এ ঘটনায় সরেজমিন তদন্ত করার জন্য রোববার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। 

সেচের পানি সময়মতো না পাওয়ার কারণ উদ্‌ঘাটন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।

পেঁয়াজ আমদানির প্রসঙ্গে কৃষিসচিব বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থরক্ষার বিষয়টি বিবেচনা করে থাকি। এখন পর্যন্ত কৃষক পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন। অন্যদিকে সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। 
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান ও প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।