রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে বেলারুশে চলতি মাসের শুরুতে শান্তি আলোচনায় অংশ নেওয়ার সময় রুশ প্রতিনিধি দলের সদস্য আব্রামোভিচ সহ ইউক্রেনের দুইজন আলোচকের দেহে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
আব্রামোভিচ রাশিয়ার একজন ধনকুবের এবং ফুটবল ক্লাব চেলসি এফসির মালিক। শান্তি আলোচনার পর আব্রামোভিচ কয়েকদিন চোখে ব্যথা ও অস্বস্তি এবং শরীরের চামড়া উঠে যাওয়ার মত উপসর্গ নিয়ে ভুগেছেন। তিনি এখন সেরে উঠেছেন। ইউক্রেনের দুজন শান্তি আলোচকও সুস্থ আছেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, যেসব রুশ কট্টরপন্থি শান্তি আলোচনাকে বানচাল করতে চায় তারাই সন্দেহজনক এই বিষপ্রয়োগের ঘটনা ঘটিয়েছে। কারণ তিনি ইউক্রেনের সঙ্গে শান্তি চান।
গত রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আব্রামোভিচ তার দেশে রাশিয়ার হামলা সীমিত করতে তাকে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন।
এ মাসের শুরুতে শান্তি আলোচনা আয়োজনের জন্য মস্কো ও কিয়েভের মধ্যে কয়েকদফা আসা-যাওয়া করেছেন এই রুশ বিলিয়নিয়ার।
অভিযোগ ওঠার পর একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক উপসর্গগুলো ‘পরিবেশগত’ কারণে হয়েছে, বিষপ্রয়োগের কারণে নয়।
তবে অনুসন্ধানী সাংবাদিকতা গ্রুপ বেলিংক্যাট বলছে, আব্রামোভিচ ও কয়েকজন আলোচক যেসব উপসর্গে ভুগেছেন, তা ‘রাসায়নিক অস্ত্রের বিষক্রিয়ার মতো’। বেলিংক্যাট বলছে, এসব উপসর্গের মধ্যে রয়েছে, ‘চোখ ও ত্বকে জ্বালাপোড়া এবং চোখে তীক্ষ্ম ব্যথা’।
বিবিসির নিরাপত্তা সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার বলেছেন, এই যুদ্ধে কোনো পক্ষ বিশেষ করে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকতে পারে- এমন সন্দেহকে যুক্তরাষ্ট্র ধামাচাপা দিতে চাইবে। তার কারণ, সেটি হলে যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা নেওয়ার একটি বাধ্যবাধকতা তৈরি হয় যা তারা একেবারেই করতে চায় না।
ওই ঘটনার ১০ দিন পর গত ১৪ মার্চ তেলআবিব এয়ারপোর্টে আব্রামোভিচকে প্রথম জনসমক্ষে দেখা যায়। এ মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে যুক্তরাষ্ট্র ও তেলআবিব আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও ঘনিষ্ঠতার কথা বরাবর অস্বীকার করে এসেছেন আব্রামোভিচ।
তবে আব্রামোভিচের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার বক্তব্য, মস্কোর সাথে শান্তি আলোচনায় আব্রামোভিচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
রাশিয়া বলেছে, শান্তি আলোচনার প্রাথমিক পর্যায়ে আব্রামোভিচ ভূমিকা রেখেছিলেন, কিন্তু এ প্রক্রিয়া এখন কেবল দুই দেশের আলোচকদের হাতেই রয়েছে। এই আলোচনায় তার ভুমিকা এখন সীমিত।
তুরস্কের ইস্তাম্বুলে আজ ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। দুই সপ্তাহের বেশি সময় পর ফের দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসেছেন।