পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলামকে আওয়ামী লীগে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ও দলটির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ।
সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এ অনুরোধ করেন হারুন। এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এখানে প্রধানমন্ত্রী রয়েছেন। আরো যে বিষয়টি উদ্বেগের সেটা হলো, পুলিশের আইজিপি ও কমিশনার যে ভাষায় কথা বলছেন। পোশাক খুলে দিয়ে রাজনীতিতে নেন না কেন ? তাদের আওয়ামী লীগে যোগ দেওয়ায় দেন। তারপর যা ইচ্ছে, তাই বলুক। পুলিশের আইজিপি ও কমিশনার ওই পোশাক পরে যে ভাষায় কথা বলেছে, এটা বলতে পারে না।’
সংসদে হারুন বলেন, ‘অপরাধীদের স্থান পুলিশে হবে না। পুলিশে অপরাধের সংজ্ঞা কী? উনি নিজে যে অপরাধ করছেন। বোট ক্লাবের সভাপতি এখনও রয়েছেন। এটি কোন সংবিধান বলে আছে। এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে জানান নাই। অপরাধ যদি শীর্ষ জায়গা থেকে হয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে আপনি পুলিশ সদস্যদের কী অপরাধে ব্যবস্থা নেবেন। শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন। তারাই সবচেয়ে বেশি অপরাধ করছেন।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ‘দুর্বিষহ যন্ত্রণায়’ রয়েছে মন্তব্য করে সংসদে বিএনপির এ সংসদ সদস্য বলেন, ‘আজকে টিসিবির পণ্য প্রায় এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে এবং ন্যায্য মূল্যে দেওয়া হচ্ছে। সব থেকে বেশি উদ্বেগের যেটা হল, সব জেলা ও উপজেলায় টিসিবির ডিলার রয়েছে কিন্তু এখন গোটা রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনযন্ত্র প্যাকেজিংয়ের কাজে লিপ্ত হয়ে গেছে। প্রশাসনের কাছে জনগণ সেবা পাচ্ছে না।’
বাম জোটের হরতালে পুলিশের লাঠিচার্জের প্রতি ইঙ্গিত করে হারুন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যারা কথা বলতে চেষ্টা করছে, তাদের পুলিশ দিয়ে দমন করছেন। এভাবে তো চলতে পারে না। মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’