রাজধানীতে দুই শিশুকে মাতৃহারা করল ঘাতক বাস

রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবিনা ইয়াছমিন (৩১) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ সময় আহত হয়েছে তার ছোট দুই মেয়ে। সাবিনা তার সন্তানদের নিয়ে স্কুলে যাচ্ছিলেন। 

মঙ্গলবার দুপুরে মিরপুর ১৪ নম্বরে নেভি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি। 
নিহত সাবিনার ভাই মো. মামুন জানান, সাবিনা স্বামী রফিকুল ইসলাম ও দুই মেয়েকে (হুমায়রা ও রাহি) নিয়ে ভাষানটেক বিআরপি কলোনীতে থাকতেন। বড় মেয়ে হুমায়রা একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। হুমায়রার স্কুলে পরীক্ষা থাকায় দুপুরে দুই মেয়েকে নিয়ে রিকশায় স্কুলে যাচ্ছিলেন তিনি। ওই মার্কেটের সামনে আসলে পেছন থেকে একটি বাস রিকশায় ধাক্কা মারে। এতে রিকশা থেকে ছিটকে আহত হন তারা। পরে পথচারীরা তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সাবিনাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দুই মেয়েকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার এ এস এম মাহতাব উদ্দিন জানান, ঘাতক বাটি শনাক্ত করার চেষ্টা চলছে। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহত সাবিনার গ্রামের বগুড়ার ধুনটের পশ্চিম ভরন শাহি এলাকায়।