ফেনীতে জাপার সম্মেলন

জিএম কাদেরের উপস্থিতিতে নেতাকর্মীদের সংঘর্ষ

ফেনীতে জাতীয় পার্টির (জাপা) সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতে এ সংঘর্ষ হয়।

জাপার নেতারা জানান, সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা তার বক্তব্যে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পথ খুঁজে পাবেন না।’ তার এ বক্তব্যের সঙ্গে সঙ্গে সম্মেলনস্থলে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে নেতাকর্মীরা বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, ‘বর্তমানে দেশে প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র চলছে। মানুষ চেয়ে আছে তৃতীয় শক্তির দিকে। জাতীয় পার্টিই হতে পারে সেই বিকল্প শক্তি।’

এ সময় তিনি ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ ও সাধারণ সম্পাদক হিসেবে জহির উদ্দিন মজুমদার ভিপি জহিরের নাম ঘোষণা করেন।