চিকিৎসক বুলবুলের হত্যাকারীরা পেশাদার ছিনতাইকারী: পুলিশ

রাজধানীর মিরপুরে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে (৩৮) হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা পেশাদার ছিনতাইকারী।

বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

গ্রেপ্তাররা হলেন- রায়হান (২৭), রাসেল (২৫), আরিয়ান (২৩), সোলায়মান (২৩)।

হাফিজ আকতার জানান, গ্রেপ্তার চারজন ‘পেশাদার ছিনতাইকারী’। তাদের দলে মোট পাঁচজন ছিল। ছিনতাই করতে গিয়েই তারা বুলবুলকে ছুরি মারে, এর সঙ্গে ওই চিকিৎসকের ‘ঠিকাদারি ব্যবসার বিরোধের কোনো বিষয় নেই।’

গ্রেপ্তারদের কাছ থেকে মোবাইল ফোন ও চাকু উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গত রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের শেওড়াপাড়ায় মেট্রোরেলের কাছে ছিনতাইকারীরা ডা. বুলবুলকে ছুরিকাঘাত করে। তাকে প্রথমে ওই এলাকার আল হেলাল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

রবিবারই বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

দন্ত চিকিৎসক বুলবুল মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামের একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন। পাশাপাশি ‘মেসার্স রংপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও চালাতেন।