নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পর বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানিয়েছেন এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার পর যারা আন্দোলন করেছে, তাদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন।
ফখরুল বলেন, এ সরকার যে সমস্যার সৃষ্টি করেছে। একমাত্র হতে পারে যদি সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকার গঠিত হয় এবং তার অধীনে যদি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। তাহলেই শুধু দেশের চলমান সমস্যার সমাধান হতে পারে।
তিনি বলেন, সে কারণে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবে খুব স্পষ্ট করে বলেছেন যে, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে এখন নির্বাচন চাই এবং সেই নির্বাচনের পর আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করার মধ্য দিয়ে বিরাজমান সব সমস্যার সমাধান করতে চাই।