ফেনী শহরের ফলেশ্বরে এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত তারেক ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মজুমদার বাড়ির মন্টু মিয়ার ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। ওই ছাত্রী ফেনীর একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্কুলছাত্রীর পরিবারের ভাষ্যমতে, গত মঙ্গলবার ওই ছাত্রীকে বাসায় রেখে তার দুই ভাই কাজে চলে যান। ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিল না। একপর্যায়ে স্কুলছাত্রীর ভাবি বাড়ি এসে জোর করে দরজা খুলে তারেককে ননদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তারেককে আটকানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে যান। স্কুলছাত্রী তাকে জোর করে ধর্ষণ করেছে বলে ভাবিকে জানায়। অভিযুক্ত তারেক পার্শ্ববর্তী বাড়ির। তাদের সম্পর্ক চাচা-ভাতিজি।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার জানান, গত মঙ্গলবার রাতে তারেকের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। স্কুলছাত্রীর মেডিকেল টেস্ট, ডিএনএ টেস্ট ও জবানবন্দি নেওয়া হয়েছে।