নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল (রাসায়নিক) কারখানার গুদামে আগুন লেগে ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাতে ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় লিলি কেমিক্যাল কোম্পানির টিনশেড কারখানায় এই আগুন লাগে। দগ্ধ শ্রমিকদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন বায়েজিদ, রোকন, খাদেমুল, সজীব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটির গুদামে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে শ্রমিকরা কারখানা থেকে বের হতে থাকেন। কিন্তু কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। এ সময় আগুনে ৯ শ্রমিক দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন দেশ রূপান্তরকে বলেন, ‘দুটি স্টেশনের ৩টি ইউনিট কাজ করে লিলি কেমিক্যাল কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’