আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজ (টিটি কলেজ) ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাজধানীর নিউ মার্কেটের পাশে মিরপুর সড়কে গতকাল বুধবার রাত ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষের সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া মিরপুর রোডসহ আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে গতকাল রাতে কাছাকাছি সময়ে রাজধানীর মহাখালী এলাকায় পরিবহন শ্রমিকদের সঙ্গে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মারামারি হয়েছে। এ ঘটনার পর তিতুমীর কলেজের সামনের কয়েকটি রাস্তা অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা।
নিউ মার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী জানান, ঢাকা কলেজের তিন ছাত্রকে টিচার্স ট্রেনিং কলেজের ছাত্ররা মারধর করে। এর জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দু’পক্ষের সংঘর্ষের সময় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের কর্মীরা তাদের ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করে মিরপুর রোডে অবস্থান নেওয়া ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর। তখন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা টিটি কলেজের একাডেমিক ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের সামনে রাস্তা আটকে হেলমেট পরে ধারালো অস্ত্রসহ অবস্থান করে। অন্যদিকে টিটি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও হেলমেট পরে অস্ত্রসহ অবস্থান নেয় তাদের কলেজের একাডেমিক ভবনের সামনে। সংঘর্ষের সময় ২০-৩০টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন জানান, সংঘর্ষে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
নিউ মার্কেট-কলাবাগান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিতুমীর কলেজের সামনে মারামারি : গতকাল রাত ৯টার দিকে তিতুমীর কলেজের সামনে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এনা পরিবহনের একটি বাসের কর্মীদের সঙ্গে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন কর্মীদের মারামারি হয়। এতে ক্ষিপ্ত হয়ে এনা পরিবহনের একাধিক বাস তিতুমীর কলেজের সামনে রেখে রাস্তা অবরোধ করে পরিবহন শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১০টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।