চেম্বার জজ হলেন বিচারপতি ইনায়েতুর রহিম

সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারক হিসেবে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য আগামী ৩ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ৩ এপ্রিল থেকে শুধু রমজান মাস পর্যন্ত সপ্তাহের প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

এদিকে পবিত্র রমজান মাসের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার কোর্টের সময়সূচি সকাল সাড়ে ১০টা থেকে (দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি) বেলা সোয়া ৩টা পর্যন্ত।