বিচারপ্রার্থীদের দুর্দশার সুযোগ নেয়া বরদাশত করা হবে না: প্রধান বিচারপতি

আদালত অঙ্গনে আসা মানুষদের সঙ্গে বিচারক, কর্মকর্তা-কর্মচারীদের মানবিক আচরণের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেছেন, ‘আদালত প্রাঙ্গণে মানুষের দুর্দশার সুযোগ নেওয়া কখনোই বরদাশত করা হবে না।’

বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২ তলা ভবন ‘বিজয়- ৭১’ এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান বিচারপতি বলেন, ‘মহান সংবিধানের চেতনা সমুন্নত রাখার সুদৃঢ় প্রত্যয়ে  এবং ন্যায় বিচার নিশ্চিত করতে দেশের বিচার বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছে।  আজ বলতে গর্ব হয়, যে সকল বিচারপতি, বিজ্ঞ আইনজীবী ও  গুণীজনের নিষ্ঠা, প্রয়াস ও পদস্পর্শে ঋদ্ধ হয়েছে এই আদালত প্রাঙ্গণ, তাদের অনেকে আইন অঙ্গনেই শুধু নয়, পুরো বাংলাদেশের ইতিহাস জুড়ে তাৎপর্যময় অবদানের মাধ্যমে সমুজ্জ্বল হয়ে আছেন। তাদের গড়ে যাওয়া দৃষ্টান্তের ওপর ভর করে আজ প্রাণ পেয়েছে সুবিচারের এই সৌধ।’

তিনি বলেন, ‘বিচারকগণ তাদের সততা, মেধা ও শ্রম দিয়ে মামলার জট ছাড়িয়ে দুর্দশাগ্রস্ত বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণ হতে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরাতে সাধ্যমতো চেষ্টা করছেন। আমি প্রত্যেক বিচারক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছি সবার সঙ্গে মানবিক আচরণ করতে। আদালত প্রাঙ্গণে মানুষের দুর্দশার সুযোগ নেওয়া কখনোই বরদাশত করা হবে না।’

বিচার বিভাগের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন ও বিচার বিভাগের সার্বিক মঙ্গলের জন্য আপনার গৃহীত পদক্ষেপ ও সুদৃঢ় অঙ্গীকার নিঃসন্দেহে আগামী প্রজন্মের পথচলায় পাথেয় হয়ে থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইন ও বিচার সচিব মো. গোলাম সারওয়ার প্রমুখ।