বিএনপির নেতৃত্ব এবং বিভক্তি প্রসঙ্গে যা বললেন ফখরুল

বিএনপির নেতৃত্ব এবং বিভক্তি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এত দিনেও যদি জেনে না থাকেন যে, বিএনপির নেতা কে আর আন্দোলনের নেতা কে, তাদের সরকারি দলে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না।’

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিএনপি নানাভাবে বিভক্ত, বিএনপির আন্দোলনের নেতা কে, আমরা জানতে চাই।’ এই বিষয়ে বলতে চাই, এটা নতুন কোন কথা নয়। বিএনপির নেতা দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং তার অসুস্থতার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি তো এই কথাগুলো বলেন শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই বিএনপি দ্বিধাবিভক্ত নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপির নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে যে সমস্যাটি বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস সে সম্পর্কে যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা পুরোপুরিভাবে একটি ভ্রান্ত, ভুল ইতিহাস আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরছেন।’

ফখরুল বলেন, একটি সময় আমরা অতিক্রম করছি যে সময়টি জাতির জন্য অত্যন্ত ভয়াবহ। আমাদের ভাষা আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, মুক্তিযুদ্ধ এ সকল কিছুর যে অর্জন- এ সকল কিছু তারা ভুলিয়ে দিয়ে একটা এককভাবে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। আমাদের যে সৃজনশীলতা, তা সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, এখন যে প্রবণতা চলছে মিথ্যা, দেশের মানুষকে কষ্ট দেওয়া। আমাদের মা-বোনেরা এখানে রয়েছেন। প্রতিদিন যেভাবে নিত্যপণ্যের জিনিসের দাম বাড়ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন স্বরচিত কবিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন, সদস্যসচিব আব্দুস সালাম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।