শূন্য হাতে ফিরলেন মুমিনুল

শূন্য হাতে ফিরলেন মুমিনুল হক। স্পিনার সিমন হারমারকে তৃতীয় উইকেট উপহার দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। দিনের তৃতীয় সেশনে পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা।  

এর আগে ফেরেন সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত। হারমারের দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড হন তিনি। চা-বিরতির আগে ওপেনার সাদমান ইসলামকেও (৯) বোল্ড করেন প্রোটিয়া স্পিনার।

সাজঘরে ফেরার আগে ৮৭ বলে ২ চার ও ২ ছয়ে ৩৮ রান করেন শান্ত। টাইগাররা প্রথম উইকেট হারানোর পর ওপেনার মাহমুদুল হাসান জয়ের (৩৩) সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডারবান টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন জয় (৩৯) ও মুশফিকুর রহিম (১)।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামে ৩৬৭ রানে। ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু ‍করে স্বাগতিকেরা। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২৮০ রানে।