ওয়ারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর ওয়ারী বনোগ্রাম এলাকায় ছুরিকাঘাতে শফিক (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরি করতেন। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওয়ারী বনোগ্রাম এলাকায় আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের সহকর্মী আব্দুল মালেক দেশ রূপান্তরকে জানান, তারা ওয়ারী বনোগ্রাম মার্কেটের নিচতলায় একটি  বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন। সন্ধ্যার পর শফিক নাস্তা খাওয়ার জন্য কর্মস্থল থেকে বাইরে যান। অফিসের অদূরে কে বা কারা তার পেটে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সহকর্মীদের খবর দিলে তারা হাসপাতালে নিয়ে ভর্তি করান।

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার দেশ রূপান্তরকে  জানান,  প্রাথমিকভাবে জানা গেছে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।