জাতীয় সংগীতের বিকৃত উপস্থাপনের নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে ছায়ানট। শুক্রবার প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, ২৯ মার্চ মিরপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনুষ্ঠানে বিকৃতভাবে জাতীয় সংগীত পরিবেশনায় ছায়ানট বিস্মিত।
মহান মুক্তিযুদ্ধে যেই সুরে “আমার সোনার বাংলা” গেয়ে পুরো জাতি উজ্জীবিত হয়েছিল, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সেটি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সর্বসম্মতিক্রমে সেই সুর প্রমিতকরণ করা হয়েছে এবং জাতীয় পর্যায়ে লক্ষকণ্ঠে গীত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে সেই সুরটি গাওয়া হয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালাতেও সুরটি যথাযথভাবে পরিবেশন করা হয়েছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইটে এই সুর সংরক্ষিত আছে।
তা সত্ত্বেও বিসিবি আয়োজিত অনুষ্ঠানে স্বীকৃত মূল সুরের উপর অন্য সুরারোপ করে বিকৃতভাবে জাতীয় সংগীতের উপস্থাপন করায় ছায়ানট তীব্র নিন্দা জ্ঞাপন করছে। ছায়ানট মনে করে, এতে অবমাননা হয়েছে জাতীয় সংগীতের।