ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের ঘাসক্ষেত থেকে সাব্বির বিশ্বাস (১৫) নামে এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুর একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাব্বির চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের হতদরিদ্র ঘোড়া গাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে। তিনি অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। পাশাপাশি পড়াশোনার খরচ জোগাতে অটোরিকশা চালাতেন।
সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস জানান, সাব্বির গোলডাঙ্গির পদ্মার চর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল শুক্রবার সকালে বাসা থেকে বের হন সাব্বির। এরপর আর তার খোঁজ মিলছিল না।
তিনি বলেন, তাদের কোনো শত্রু নাই। সাব্বিরকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায় কে বা কারা।
জানা যায়, শুক্রবার সকালে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবার-পরিজন বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিল।
আজ শনিবার সকালে একটি ঘাসের ক্ষেতে সাব্বিরের লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই চালকের রিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।