পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বলেছেন, ‘ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক। এটি বিরাট ট্র্যাজেডি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অবিলম্বে শত্রুতা বন্ধ করতে চায় পাকিস্তান।’
শনিবার জাভেদ বাজওয়া এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।
পাকিস্তানি সেনাপ্রধান বলেন, পাকিস্তান চায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। ২ দেশের মধ্যে বিরোধ অবসানে যা যা করা সম্ভব, পাকিস্তান সবকিছুই করছে।
তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্যাম্প রাজনীতিতে বিশ্বাস করে না এবং সব দেশের সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া ও অন্যান্যদের সঙ্গে সুসম্পর্ক চায়।’
সেনাপ্রধানের এই বক্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থানের চেয়ে অনেকটাই ভিন্ন। তবে, ইমরান খান ইউক্রেনে রুশ হামলার বিষয়ে স্পষ্ট ভাষায় কিছু বলেননি এখন পর্যন্ত।
মার্চের শুরুতে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটদানে বিরত ছিল পাকিস্তান। ওই সময় দেশটি বলে, পাকিস্তান এ ঘটনার সাম্প্রতিক গতিতে গভীরভাবে উদ্বিগ্ন এবং এটি কূটনীতির ব্যর্থতাকে প্রতিফলিত করে।
পরে গত মাসের শেষের দিকে ইসলামাবাদের কিয়েভ দূতাবাসের অনুরোধে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠায় পাকিস্তান।