পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ছাত্রলীগের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দুই শিক্ষার্থী।
শনিবার দুপুর ক্যাম্পাস চত্বরে বারোটায় দ্বীপরাজ ও তানিম নামের দুই শিক্ষার্থীর ওপর এ হামলার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের রেশ ধরে এ হামলা চালানো হয়েছে।
এ হামলার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই দুই শিক্ষার্থী কলেজ মাঠে দাঁড়িয়ে আছেন। এ সময় ৪-৫ জন শিক্ষার্থী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে শিক্ষকেরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানার জন্য উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃত্বকে ফোন দিলে তারা এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন দেশ রূপান্তরকে বলেন, কলেজ শাখার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজীর অনুসারীরা এ হামলা চালিয়েছে।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী দেশ রূপান্তরকে বলেন, সংগঠিত ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা নিতে কলেজ শাখা সভাপতি আসাদুজ্জামান হিরন মনগড়া অভিযোগ তুলছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।