অসৎ কর্মকর্তাদের বিষয়ে আপস নয়: প্রধান বিচারপতি

বিচার বিভাগের অসৎ কর্মকর্তাদের বিষয়ে কোনো আপস হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই সঙ্গে বিচারপ্রার্থীদের মামলার বিচার কার্যক্রম থেকে দ্রুত মুক্তি দেওয়া জাতির জন্য ভালো বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ  ইনস্টিটিউটে মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত প্রধান বিচারপতিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর খোঁজ খবর নিয়েছি। বিচার বিভাগের বেশির ভাগ বিচারক-কর্মকর্তাই সৎ। তবে, হাতে গোনা কয়েকজন অসৎ কর্মকর্তা রয়েছেন। তাদের কারণে যদি জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের শনাক্ত করব। তাদের বিষয়ে কোনো আপস হবে না। আর যারা ভালো করবে তাদের জন্য পুরস্কার থাকবে।’ 

তিনি বলেন, অধিকাংশ বিচারপ্রার্থী হয় জমি বন্ধক রেখে, হালের গরু বিক্রি করে কিংবা গোলার ধান বিক্রি করে মামলার খরচ চালান। এখন এসব বিচারপ্রার্থী যদি দিনে পর দিন আদালতে ঘুরতে থাকেন তাহলে তারা নিঃস্ব হয়ে যাবেন। এদের যত দ্রুত মুক্তি দেওয়া যায় ততই তাদের এবং জাতির জন্য ভালো।

তিনি আরো  বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। বিচারকদের লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা। বিচারপ্রার্থী মানুষকে যাতে দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরতে না হয়।’

বিচারকদের বদলি ও পদোন্নতির বিষয়টি তাদের যোগ্যতার ভিত্তিতে করা হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিচারক হোসনে আরা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, এম ইনায়েতুর রহিম।