সরকার মানুষের সঙ্গে অবিচার করছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সরকারি দলের নেতারা বলছেন দ্রব্যমূল্য কমছে এবং মানুষের আয় বেড়েছে। দ্রব্যমূল্য দেখতে বাজারে যেতে হবে না, টিসিবির একটি ট্রাকের কাছে লাইন দেখুন। টিসিবির পণ্য শেষ হয়ে যায় কিন্তু মানুষের লাইন শেষ হয় না। অনেকে সারা দিন লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরে যায়। টিসিবি দিয়ে এই বাস্তবতা মোকাবিলায় করা সম্ভব হবে না। তাই ৫ থেকে ৬ কোটি মানুষের জন্য রেশনিং এর ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ১কোটি রেশন কার্ড দেয়া হয়েছে। ১ কোটি মানুষ নাকি ১ কোটি পরিবারকে রেশন কার্ড দেয়া হয়েছে তা পরিষ্কার নয়।’
শনিবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্বে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘রমজানের শুরুতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। আমরা সরকারকে বারবার বলেছি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ কষ্টে আছে। সরকার আমাদের কথা বিশ্বাস করে না, এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না।’
জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।