রমজানের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের মানুষকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার খবরের পরই পিটার তার ফেইসবুকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘রমজান মোবারক! নতুন চাঁদ ওঠার সাথে পবিত্র রমজান মাসের শুরুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে আমি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমানদের আমার উষ্ণ শুভেচ্ছা জানাই।’

তিনি লিখেছেন, ‘অনেকের জন্য রমজান আত্মোপলব্ধি, ধৈর্য ও ক্ষমাশীলতার প্রতি নিবিষ্ট হওয়ার একটি সুযোগ। আমাদের সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার জন্যও এটি একটি ভালো সময়। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়সহ আমেরিকার মুসলমানরা সারা দেশের বিভিন্ন শহরে তাদের প্রতিবেশীদের ভাগাভাগি করে খাবার খাওয়ার জন্যও আমন্ত্রণ জানাবে।’

তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশে আমার নতুন বাসায় ওঠার সাথে সাথে এ বছর ইফতারে যোগ দিতে ও এর আয়োজন করতে উৎসাহ বোধ করছি। আত্মোপলব্ধির এই মাসে সবার জন্য শান্তি, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলোকে এগিয়ে নিতে আমরা আপনাদের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’