নড়াইলে কৃষক ও সাংবাদিকসহ পাঁচজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে সার ডিলারের করা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নড়াইল প্রেস ক্লাবের সামনের সড়কে জেলা কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ, হিউম্যান রাইটস ডিফেল্ডার্স ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজীন লিটু, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, সাধারণ সম্পাদক শামীম আতিক মহিদ, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী শান্ত, লাঞ্ছনার শিকার কৃষক আলী আহমেদ ম-লসহ অনেকে।
বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার উজিরপুরের কৃষক আলী আহমেদ ম-ল সার কিনতে আসেন রূপগঞ্জ বাজারের সার ডিলার মো. হাসানুজ্জামানের ঘরে। সেখানে ডিলারের ম্যানেজার অতিরিক্ত টাকা দাবি করলে ওই কৃষক মেমো দিতে বলেন। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে আলী আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় ডিলার হাসানুজ্জামান সাংবাদিক কাজী হাফিজুর রহমান, কৃষক আলী আহমেদসহ পাঁচজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ও চাঁদাবাজির মামলা করেছে। বক্তারা অবিলম্বে হাসানুজ্জামানের সার ডিলারশিপ বাতিল ও ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান।