ইমামকে তাড়িয়ে মসজিদের জমি দখলের অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি মসজিদের ইমামকে বের করে চারপাশে বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার দুই শতাধিক পরিবারের মানুষ মসজিদে এসে নামাজ আদায় করতে পারছেন না বলে জানিয়েছেন। গতকাল শনিবার ভোরে উপজেলার জয়মন্ডপ ইউনিয়নের পূর্ব ভাকুম জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে ঢাকার কারওয়ান বাজারের ব্যবসায়ী আফজাল হোসেন সাড়ে ১৫ শতাংশ জমি ভাকুম জামে মসজিদের নামে ওয়াকফ করে দেন। স্থানীয়রা সেখানে চৌচালা টিনের ঘর তুলে নামাজ আদায় করে আসছেন। গতকাল ভোরে ওই জমির মালিকানা দাবি করে স্থানীয় বাসিন্দা মোতালেব শিকদার, শফি শিকদার, মগর শিকদার, আবদুল্লাহ শিকদার, সমেজ শিকদারসহ ১০-১২ জন অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদে গিয়ে ইমাম মাওলানা সিফাতকে বের করে দেন। এরপর মসজিদের চারপাশে বাঁশের বেড়া নির্মাণ করে মুসল্লিদের নামাজে আসতে নিষেধ করেন। তারা ওজুখানা ভেঙে ফেলে ও টিউবওয়েল তুলে নেন।

জয়মন্টপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস হোসেন বলেন, ‘দখলদাররা আগে কখনো মসজিদের জায়গা নিজেদের দাবি করেননি। হঠাৎ রমজানের আগে জমি দাবি করে বেড়া নির্মাণ রহস্যজনক। নামাজের জায়গা এভাবে বন্ধ করা ঠিক হয়নি।’

পূর্ব ভাকুম জামে মসজিদ কমিটির সভাপতি মো. পিয়ার আলী বলেন, ‘দখলদাররা প্রভাবশালী। আমরা সবাই আতঙ্কে রয়েছি। প্রশাসনের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান চাচ্ছি।’

এ বিষয়ে শফি শিকদার বলেন, ‘মসজিদের জমি আমাদের পৈতৃক সম্পত্তি। ১৫-২০ বছর আগে আমাদের জায়গায় জোর করে মসজিদ নির্মাণ করা হয়েছিল। জমির জরিপ কাজ শুরু হওয়ায় এখন আমরা দখল বুঝে নিতে চারপাশে বেড়া দিয়েছি।’

জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন বলেন, ‘স্থানীয়দের অভিযোগে আমি দখলদারদের ফোন করেছিলাম। কিন্তু যেকোনো মূল্যে তারা জমির দখল চান। আমার কথা শুনতে নারাজ।’ সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, ইমামকে বের করে মসজিদের জমির দখল নেওয়ার কথা তারা শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।