ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের দুটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
রাজ্য কর্তৃপক্ষ জানায়, বিরূপ আবহাওয়া আক্রান্ত বাইশাদা ফুমিনেনসে এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলো থেকে গত ২৪ ঘণ্টায় আসা ৮৫০টি ফোন কলের জবাব দিয়েছেন উদ্ধারকর্মীরা। কমপক্ষে ১৪৪ জন লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন তারা।
গত কয়েক সপ্তাহ ধরেই রিও ডি জেনিরোতে বিরূপ আবহাওয়া বিরাজ করছিল। গত ফেব্রুয়ারিতে ভূমিধস ও বন্যায় পেট্রোপোলিস অঞ্চলে ২৪০ জন মারা যান বলে ২৩ মার্চ কর্তৃপক্ষ জানিয়েছিল।
পারাটি শহরের মেয়র লুসিয়ানো ভিদাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কমপক্ষে ৭০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আমরা তাদের আশ্রয় দিচ্ছি এবং হোস্টেল ভাড়া করে দিচ্ছি।
তিনি বলেন, ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। বাকি কয়েকটি শহর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পর্যটকদের পছন্দের ঔপনিবেশিক উপকূলীয় শহরটির একটি এলাকা পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পারাটি শহরে একদিনেই ৩২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত ৬ মাসের গড় বৃষ্টিপাতের সমান। কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে ভিদাল জানিয়েছেন। তবে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বিবৃতিতে পারাটি শহরে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পরিস্থিতি আরও খারাপ পূর্বাভাসের কারণে পর্যটকদের পছন্দের এই শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
কাছাকাছি আরেকটি শহর আংরে দস রেইসেও ভারী বৃষ্টিপাতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।