রাজধানীতে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রাজধানীর হাজারীবাগে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাইসাইকেল আরোহী।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগের বছিলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সাকিব পাটোয়ারির বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তিনি একটি মোবাইল বিক্রির দোকানে চাকরি করতেন।

হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান, সাকিব সাইকেল চালিয়ে বছিলার বাসায় ফিরছিলেন। চৌরাস্তায় পেছন থেকে স্বাধীন পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাসটি জব্দ করা গেলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে ওসি জানান।