স্ত্রীর সঙ্গে পরকীয়া, অ্যাসিডে ঝলসে দিলেন বন্ধুর মুখমণ্ডল

ফরিদপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে অ্যাসিড নিক্ষেপ করে রানা (৩৫) নামের এক যুবকের মুখমণ্ডল ঝলসে দিয়েছে তারই বন্ধু।

গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাসিড আক্রান্ত রানা শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে।

জানা যায়, স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে বন্ধু রিপন মোবাইল ফোনে ডেকে অতর্কিতভাবে রানার মুখমণ্ডলে অ্যাসিড ছুড়ে মারে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠা রিপন জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে রানা নামে এক যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপে করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।