নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় অবস্থিত লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে আজিজার রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার নামীয় আসামিরা হলেন- লিলি কেমিক্যাল কারখানার মালিক একেএম সেলিম, ম্যানেজার আব্দুল বাতেন, ইলেকট্রিশিয়ান রফিকুল ইসলাম, কাস্টম সাবরুল ইসলাম, সুপার ভাইজার কাউসার হাবিব।
বাদী আজিজার রহমান মামলায় উল্লেখ করেন, তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার ফুল চৌকি খামারপাড়া গ্রামে। আজিজার রহমানের ভাই আকালু লিলি কেমিক্যাল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
গত ২৯ মার্চ রাত সোয়া ১০টার দিকে কারখানার পোস্টিং সলিউশন (জুতা তৈরির আঠা) মেশিনের সুইচ চাপ দেন এক শ্রমিক। এ সময় বিকট শব্দ হয়ে মেশিনে আগুন ধরে যত্রতত্র দাহ্য পদার্থ জাতীয় কেমিক্যাল মজুত থাকায় খুব দ্রুত কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় তার ভাই আকালু, শ্রমিক সজিব, বায়েজীদ, রাসেল, মুজাহিদ, খাদেমুল, রোকন, মেহেদী ও রিপন কর্মরত থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামলার বাদী আজিজার রহমানের ভাই আকালু ও অপর শ্রমিক মুজাহিদ মারা যান।
অন্যান্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, লিলি কেমিক্যাল কারখানার মালিক একেএম সেলিমসহ কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।