আইইউবিএটি’র গবেষকদের সম্মাননা প্রদান

অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ‘গবেষণা সম্মাননা ২০২২’।

প্রতিষ্ঠাতা ড. এম আলিমউল্যা মিয়ানের নামে প্রতিষ্ঠিত ‘মিয়ান রিসার্চ ইনস্টিটিউট’-এর আওতায় প্রতি বছর এই গবেষণা সম্মাননা প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়টির সফল গবেষকদের মাঝে। এ বছর আইইউবিএটি’র ৫৬ জন শিক্ষককে তাদের ১০৪টি সফল গবেষণা ও প্রকাশনার জন্য সম্মাননা প্রদান করা হয়।

গবেষণাগুলো মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বখ্যাত আইএসআই ইনডেক্স, স্কপাস ইনডেক্সসহ বিভিন্ন ইনডেক্সড জার্নাল ও আইইউবিএটি রিভিউ-এ প্রকাশিত গবেষণাকে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি  কমিশনের সদস্য  অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয়  শাখার পরিচালক মো. ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম এবং মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ড আবুল খায়ের।

মিয়ান রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রকাশনার জন্য আইইউবিএটি’র শিক্ষক ও গবেষকদের গবেষণা মঞ্জুর, দিকনির্দেশনা ও মূল্যায়ন পরিচালনা করে। বর্তমানে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের মঞ্জুরি ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, পরিবেশ, জলবায়ু, টেকসই উন্নয়ন, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছরই এ সব গবেষণার ফলাফল নিয়ে সেমিনারের আয়োজন করা হয়।