২০২১-২০২২ শিক্ষাবর্ষ হতে গুচ্ছ ভর্তি পরীক্ষা চায় না ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের মতকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছ প্রক্রিয়ায় গেলে ভর্তি সংক্রান্ত কোনো কাজে অংশ নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে শিক্ষক সমিতির গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।
এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান ও সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্বের তুলনায় ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এসব বিবেচনায় গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সকল শিক্ষক গুচ্ছে অংশ না নেওয়ার পক্ষে মতামত দিয়েছে।’
এদিকে সংগঠনটির সভাপতি সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ভর্তি কার্যক্রমের দীর্ঘসূত্রতা প্রমাণ করে এটি মারাত্মক সমস্যা। যা অভিভাবক ও শিক্ষার্থীদের দ্বিগুণ ভোগান্তি সৃষ্টি করেছে। তাই এই প্রক্রিয়ায় আমরা যেতে চাই না। যদি শিক্ষকদের মতকে উপেক্ষা করা হয় তাহলে ভর্তি সংক্রান্ত কোনো কাজে শিক্ষকরা অংশ নিবে না।’