পবিত্র রমজান মাসের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দেয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।
রবিবার রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরাসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দেয়।
ইফতারের আগ মুহূর্তে এ রকম সংকট দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। সারাদিন রোজা রাখার পর পরিবারের সদস্যদের জন্য ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই।
এদিকে এসব এলাকায় হোটেল ও ইফতারের দোকানগুলোতে তীব্র ভিড় দেখা গেছে ক্রেতাদের। অনেক ক্রেতাকেই ইফতার না কিনেই বাড়ি ফিরতে দেখা গেছে। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করছেন।
ভুক্তভোগীরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই রমজানের প্রথম দিনে এভাবে গ্যাস না থাকায় আমাদের বিপাকে পড়তে হয়েছে। এটা রমজানের প্রথম দিনে কোনো মতেই কাম্য নয়।
মোহাম্মদপুরের বাসিন্দা ফেরদৌসি বলেন, সকাল থেকে কোনো রান্নাবান্না করা সম্ভব হয়নি। প্রথম রোজায় বাইরের খাবার কিনে খেতে হবে।
মিরপুরের কাজিপাড়ার সুলতানা মাহমুদ বলেন, সকাল থেকে গ্যাসের সংকটে নিভু নিভু করে চুলা জ্বলছে। কোনো কিছুই করা যাচ্ছে না। রমজানে এ রকম পরিস্থিতি হবে চিন্তাও করা যায় না। বাধ্য হয়ে স্টোভে রান্না করতে হয়েছে।
ধানমন্ডির গ্রিন রোড এলাকায় দুপুরের আগে থেকেই গ্যাস সংকট চলছে। ইফতারের সময় হয়ে হলেও সিদ্ধেশ্বরীতে এখনো চুলা জ্বলছে না বলে খবর পাওয়া যাচ্ছে।