টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর (টলি ট্রাক্টর) ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।
রবিবার টাঙ্গাইল আরিচা মহাসড়কের উপজেলার সহবতপুর ইউনিয়নের জাইলাবাড়ির মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ারা (৫০) টাঙ্গাইল পৌর এলাকার ডাক্তার কাদেরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই নারীসহ ৪ জন যাত্রী নিয়ে সিএনজিটি টাঙ্গাইল থেকে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার জাইলা বাড়ির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মাটি ভর্তি টলি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত বলে ঘোষণা করেন। অপর ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল-মামুন বলেন, দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়েছি। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।